মেজর লিগ সকারে লিওনেল মেসির রেকর্ড গড়া গোলধারার ছন্দপতন ঘটেছে। টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের পর এবার গোলশূন্য থাকলেন আর্জেন্টাইন মহাতারকা। বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাটির বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে মেসির দল ইন্টার মায়ামি। ম্যাচজুড়েই মেসি ছিলেন ফিকে, আর তার সাথে নিষ্প্রভ ছিল গোটা দল।
৩৮ বছর বয়সী মেসি চলতি মৌসুমে ইতিমধ্যেই ১৬ গোল করেছেন। এর মধ্যে শেষ পাঁচ ম্যাচে তিনি প্রতিটিতে জোড়া গোল করে রীতিমতো রেকর্ড গড়েছিলেন, যা তিনি সর্বশেষ ২০১২ সালে বার্সেলোনার হয়ে এমন পারফরম্যান্স দেখিয়েছিলেন। তবে সিনসিনাটির মাঠে এসে মায়ামির সেই ছন্দপতন ঘটলো।
ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের হয়ে ২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্ডো ভ্যালেনজুয়েলা গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৫০ ও ৭০ মিনিটে আরও দুটি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইভান্ডার। এদিন পুরো ম্যাচে মায়ামি লক্ষ্য বরাবর মাত্র দুটি শট নিতে পেরেছে। মেসি ও তার সতীর্থরা যেন ছিলেন বিধ্বস্ত ও বিমর্ষ।